দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরা শহরে ক্রিকেটার সাকিব আল হাসানের বাসার সামনে রাষ্ট্রসংলাপ ফোরামের (এসডিএফ) সভাপতি আ ন ম আয়াসের বিতর্কিত আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড়ে সাকিব আল হাসানের বাসার সামনের গেটের কাছে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আ ন ম আয়াস সাকিব আল হাসানের বাসার সামনের গেটের কাছে দাঁড়িয়ে প্রস্রাব করছেন। এ সময় তাকে সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেও শোনা যায়।
ভিডিওটিকে ধারণ করেছেন বা প্রথম কোথা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে অল্প সময়ের মধ্যেই ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডিতে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে ২০ সেপ্টেম্বর মাগুরায় আসেন রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি আ ন ম আয়াস। বিভিন্ন কর্মসূচি শেষে রাতের দিকে সাকিব আল হাসানের বাসার সামনে যাওয়ার পর ওই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এর আগে সাকিব আল হাসানসহ ৯০ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করার খবরও আলোচনায় আসে। রাষ্ট্রসংলাপ ফোরামের পক্ষ থেকে ওই আবেদন করা হয়েছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
তবে সাকিবের বাসার সামনে ঘটে যাওয়া ওই আচরণের সঙ্গে আগের অভিযোগ বা আবেদনের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেলেও এ বিষয়ে আ ন ম আয়াসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কেএম